UsharAlo logo
, |

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের সমাপনী অনুষ্ঠিত

Mohon Chowdhury
মে ২১, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৫টায় নগরীর খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) সিফাত মেহনাজ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

তিনি আরও বলেন, সরকার তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্ম যেন আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে, সে লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মু. ফজলে রহমান এবং খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা পিটিআই-এর সুপারিন্টেন্ডেন্ট মোঃ তোজাম্মেল হোসেন, এডিপিইও মোঃ আমিনুল ইসলাম, থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, সহকারী থানা প্রাথমিক শিক্ষা অফিসারগণ, প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ৩-০ গোলের ব্যবধানে যশোর জেলার ঝিকড়গাছা উপজেলার বেনিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পূর্ব মীরগাঙ সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ১-০ গোলের ব্যবধানে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়।

ঊআ-মোচৌ