খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেছেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে হলে অদম্য দেশপ্রেম থাকতে হবে। দেশ, জনগণ ও দলের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত এবং পরীক্ষিত নেতারাই ছাত্রদল থেকে উঠে এসে বিএনপির রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারেন। আজকের ছাত্ররাই আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করবে।
সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর কে. ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের বহু নেতাকর্মী আত্মত্যাগ করেছেন। তাদের আত্মত্যাগ প্রমাণ করে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, দলকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।
খুলনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঊআ-মোচৌ
