UsharAlo logo
, |

বন্ধু মহলের ৩০ বছর পূর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলনী

Mohon Chowdhury
জুন ২, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনার খালিশপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বন্ধু মহল ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) খালিশপুরের ক্রিসেন্ট জুট মিলস অফিসার্স ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের প্রায় ৩৫০ জন সদস্য, তাদের পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন বিভিন্ন বয়সী সদস্যরা।

“তারুণ্যের বন্ধনে বন্ধুত্ব” স্লোগানকে ধারণ করে ১৯৯৬ সালে খালিশপুরের একঝাঁক তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বন্ধু মহল। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এলাকায় ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে পাঠাগার কার্যক্রম, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক উদ্যোগ বাস্তবায়ন করেছে।

অনুষ্ঠানে স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক আয়োজন এবং নৈশভোজের ব্যবস্থা করা হয়। প্রবীণ ও নবীন সদস্যদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজক মো. এনায়েত হোসেন বলেন, “বন্ধু মহল শুধু একটি সংগঠনের নাম নয়, এটি আমাদের আবেগ, ভালোবাসা ও দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতীক। ৩০ বছর পূর্তি উপলক্ষে আমরা সবাইকে একত্রিত করার চেষ্টা করেছি। পুরোনো বন্ধুদের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ও সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও বন্ধু মহল এলাকার সামাজিক উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবে এবং সংগঠনের এই বন্ধন আগামী দিনেও অটুট থাকবে।

ঊআ-মোচৌ