UsharAlo logo
, |

বৃক্ষরোপণের মাধ্যমে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের আহ্বান

Mohon Chowdhury
জুন ২, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় স্বনির্ভর ও সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তাঁর হাত ধরেই দেশে যুগান্তকারী খাল খনন ও সবুজায়ন কর্মসূচির সূচনা হয়েছিল, যা কৃষিখাতে নতুন দিগন্ত উন্মোচন করেছিল।

মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টায় সরকারি রূপসা কলেজে খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

মো. মনিরুজ্জামান মন্টু বলেন, একটি বৃক্ষ শুধু অক্সিজেনই দেয় না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নির্মল পরিবেশ নিশ্চিত করে। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান শুধু বাংলাদেশেই নয়, সৌদি আরবেও নিম গাছ আবাদ করে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণে অবিস্মরণীয় অবদান রেখেছিলেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর যে পরিকল্পনা গ্রহণ করেছেন, সেটিও শহীদ জিয়ার সবুজায়নের স্বপ্নেরই ধারাবাহিকতা। ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সবুজ ও নির্মল বাংলাদেশ গড়তে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু বলেন, শহীদ জিয়া সবসময় উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতেন। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষার পাশাপাশি ফলজ ও বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সবাইকে একটি গাছ রোপণের পাশাপাশি তার নিয়মিত পরিচর্যার শপথ নেওয়ার আহ্বান জানান।

খুলনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু জাফরের সভাপতিত্বে এবং সদস্য সচিব খান ইসমাঈল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. মাকসুদ আলম, ইমতিয়াজ আলী সুজন, মাহামুদুল হাসান, সোহান মোল্ল্যা, কাজী জাকারিয়া, বিএনপি নেতা জিএম হারুন অর রশীদ, রূপসা (উত্তর) থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রনি জম্মাদার, যুগ্ম-আহ্বায়ক ইউসুফ মল্লিক, সাজিদ আহম্মেদ, রূপসা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ জম্মাদার, সাধারণ সম্পাদক সংগ্রাম মাতবর, আলাইপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আজিজুল শেখ, সাধারণ সম্পাদক রাতুল ঢালীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঊআ-মোচৌ