UsharAlo logo
, |

জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান

Mohon Chowdhury
জুন ৩, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জাতিকে সঠিক পথের দিশা দেখিয়েছেন। তাঁর আদর্শ ও দর্শন অনুসরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট মনা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন। স্বাধীনতা-পরবর্তী সময়ে রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রতিষ্ঠা করেন এবং দেশের সব জনগোষ্ঠীকে একটি অভিন্ন জাতীয় পরিচয়ের বন্ধনে আবদ্ধ করেন।

তিনি আরও বলেন, কৃষি, গ্রামীণ উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল অর্থনীতি গঠনে শহীদ জিয়ার অবদান আজও স্মরণীয়। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশবিরোধী অপতৎপরতা ও স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে সতর্ক থাকারও আহ্বান জানান।

খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. তাজিম বিশ্বাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান, মিডিয়া সেলের মিজানুর রহমান মিলটন, রকিবুল ইসলাম মতি, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, বিএনপি নেতা সাদাত সায়েম ও সাবেক ছাত্রনেতা মোমশেদুল সজীব।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু এবং জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন।

ঊআ-মোচৌ