UsharAlo logo
, |

শিশুশ্রম প্রতিরোধে স্থায়ী সমাধানের আহ্বান

Mohon Chowdhury
জুন ৩, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের ১৫তম সভা বুধবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, শিশুশ্রম থেকে শিশুদের দূরে রাখা একটি বড় চ্যালেঞ্জ। এ সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কেবল তাৎক্ষণিক সমাধান নয়, শিশুশ্রম প্রতিরোধে দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করতে হবে। তিনি বলেন, সরকার শিশুশ্রমকে নিরুৎসাহিত করেছে এবং এ সমস্যা নিরসনে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ জরুরি।

খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মো. হাফেজ আহাম্মদ মজুমদার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. শাহিনুর রহমান।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং শিশুশ্রম কল্যাণ পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। খুলনা বিভাগীয় প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে সভার আয়োজন করে।

সভায় বিভাগীয় পর্যায়ে প্রতি দুই মাস অন্তর শিশুশ্রম কল্যাণ পরিষদের মতবিনিময় সভা আয়োজন, অভিভাবকহীন শিশুশ্রমিকদের পুনর্বাসন, শ্রমে নিয়োজিত শিশুদের ডাটাবেজ তৈরি, রেলওয়ে স্টেশন ও শহিদ হাদিস পার্কসহ বিভিন্ন স্থানে ভাসমান শিশুদের পুনর্বাসন, শ্রমঘন এলাকা পরিদর্শন, শিশুশ্রম নিরসনে সচেতনতামূলক প্রচারণা এবং কারিগরি শিক্ষার মাধ্যমে শিশুদের দক্ষ করে তোলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ঊআ-মোচৌ