UsharAlo logo
, |

পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

Mohon Chowdhury
জুন ৪, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য খুলনা নগরী গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। পরিকল্পিত বৃক্ষরোপণ, বন ও জলাশয় সংরক্ষণ, নিরাপদ যাতায়াত এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগরীর ময়লাপোতা মোড়ে আয়োজিত মানববন্ধন, সাইকেল র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, পৃথিবীর পরিবেশগত ভারসাম্য রক্ষায় পরিকল্পিত নগরায়নের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে হবে।

বিশ্ব পরিবেশ দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘ইনস্পায়ার্ড বাই নেচার-ফর ক্লাইমেট, ফর আওয়ার ফিউচার’ সামনে রেখে হেলদি সিটি ফোরামের উদ্যোগে বেলা, সিয়াম, একটিভ সিটিজেন প্ল্যাটফর্ম, নিরাপদ সড়ক চাই, বিডিকিন, কিন-আপ খুলনা, বিআইপি, খুলনা সাইক্লিস্ট, সিডিপি, মাসাস, রূপান্তর, আমরা বৃহত্তর খুলনাবাসী ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তীব্র তাপদাহ, সুপেয় পানির সংকট, বন্যা, জলোচ্ছ্বাস এবং জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতির মতো পরিবেশগত সংকট মানুষের জীবনযাত্রাকে ক্রমেই দুর্বিষহ করে তুলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং আন্তর্জাতিক পরিবেশ চুক্তি ও নীতিমালার বাস্তবায়ন জরুরি।

বেলার সমন্বয়কারী ও হেলদি সিটি ফোরামের আহ্বায়ক মাহফুজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন একটিভ সিটিজেন প্ল্যাটফর্মের সভাপতি ওমর ফারুক কচি এবং হেলদি সিটি ফোরামের সদস্য সচিব ও সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. মাছুম বিল্লাহ।

এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবী, সাংবাদিক এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঊআ-মোচৌ