খুলনা মহানগরীতে ৬০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর শহিদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশবান্ধব ও সবুজ নগরী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। দেশের উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশন এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রশাসক আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী বাজেটে ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে উন্নয়নের নতুন ধারা সূচিত হবে।
অনুষ্ঠানে তিনি শহিদ হাদিস পার্কে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
জানা যায়, কক্সবাজারের ডুলাহাজরায় প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পরপরই খুলনায় এ কার্যক্রম শুরু করা হয়। মহানগরীতে আগামী ১৮০ দিনের মধ্যে ৬০ হাজার গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেসিসির সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. নাজমুস সা’দাত শুভ, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা, পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর সরদার শরিফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার মো. রেজাউর রহমান, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আহ্বায়ক শেখ আশরাফ উজ্জামান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
ঊআ-মোচৌ
