UsharAlo logo
, |

উন্নয়ন কাজ নির্ধারিত সময়েই শেষ করার নির্দেশ

Mohon Chowdhury
জুন ২১, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুন মাসের সভা রোববার জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত মেয়াদের মধ্যেই সম্পন্ন করতে হবে। পাশাপাশি সরকারি দপ্তরগুলোর নিজস্ব ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদ রাখার নির্দেশনা দেওয়া হয়। তিনি নদী পুনঃখনন ও খাল খনন কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং খনন কার্যক্রমের প্রকৃত অগ্রগতি সম্পর্কে সঠিক প্রতিবেদন উপস্থাপনের নির্দেশ দেন। এছাড়া পাইকগাছা বাঁধ সরলিকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের চেক আগামী ২৯ জুন বিতরণ করা হবে বলে জানান তিনি।

সভায় সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি জানান, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত হাম সন্দেহে ৯২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৪৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, চলতি আমন মৌসুমে ১৫ হাজার কৃষককে অর্থ সহায়তা দেওয়া হবে। সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলায় ৭০ হাজার ৪৫০টি গাছের চারা রোপণ করা হবে। তিনি আরও জানান, চলতি আমন মৌসুমের উৎপাদন সন্তোষজনক এবং আগামী ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত খুলনায় তিন দিনব্যাপী ফলমেলা অনুষ্ঠিত হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান জানান, গত মাসে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় ১১টি অভিযান ও তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক জানান, পাইকগাছা মডেল মসজিদের নির্মাণকাজের ৯৭ শতাংশ সম্পন্ন হয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।