UsharAlo logo
, |

হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকীতে বিচার দাবিতে স্মরণসভা

Mohon Chowdhury
জুন ২৭, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবীর বালুর ২২তম হত্যাবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাবের উদ্যোগে শনিবার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

স্মরণসভায় বক্তারা বলেন, হুমায়ুন কবীর বালু ছিলেন সত্যনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিক। তাঁকে যারা হত্যা করেছে, তাদের প্রকৃত বিচার আজও সম্পন্ন হয়নি। বক্তারা এ হত্যা মামলার পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত আসামি ও হত্যাকাণ্ডের মদদদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দীর্ঘদিনেও মামলার বিচার সম্পন্ন না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

সভায় বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য মকবুল হোসেন মিন্টু, সহ-সভাপতি সোহরাব হোসেন ও কাজী শামীম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী ও মল্লিক সুধাংশু, যুগ্ম-সম্পাদক বেল্লাল হোসেন সজল, সিনিয়র সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, কার্যনির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান (মাকসুদ) ও কে এম জিয়াউস সাদাত, ক্লাব সদস্য আতিয়ার পারভেজ, রকিব উদ্দিন পান্নু, আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান, এস এম নূর হাসান জনি এবং সাংবাদিক আবু তাহের।

অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সোহেল মাহমুদসহ প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রেসক্লাব চত্বরে শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে হুমায়ুন কবীর বালুসহ নিহত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের ইমাম হাফেজ মাওলানা মো. ইউসুফ হাবিব।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ জুন নগরীর ইসলামপুর রোডে নিজ কার্যালয় জন্মভূমি ভবনের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় সাংবাদিক হুমায়ুন কবীর বালু নিহত হন।