বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে সরকার জুলাই সনদ বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা এখনো পূরণ হয়নি। তিনি এ প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের মানবতাবিরোধী অপরাধের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান।
সোমবার নগরীর তারেরপুকুরস্থ খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আগামী ১৫ জুলাই খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিতব্য ‘জুলাই গণঅভ্যুত্থান : সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক সেমিনার বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফুজুর রহমান বলেন, জুলাই সনদ জনগণের আকাঙ্ক্ষার একটি গুরুত্বপূর্ণ দলিল। এটি বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা, সুশাসন এবং জনগণের মতামতের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে তিনি বলেন, প্রয়োজনে আন্দোলনের মাধ্যমেও জনগণের দাবি আদায় করা হবে।
মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী। এছাড়া উপস্থিত ছিলেন অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা, তারবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা শেখ মোহাম্মদ অলিউল্লাহ, সমাজকল্যাণ বিভাগের সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, প্রচার সেক্রেটারি মো. আব্দুল গফুর, মাওলানা শাহারুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, মহানগর যুব বিভাগের সভাপতি মুকারম বিল্লাহ, মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
