UsharAlo logo
, |

কেসিসি পরিচালনা কমিটির সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Mohon Chowdhury
জুলাই ১৩, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) পরিচালনা কমিটির ১৩তম সভা সোমবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সভার শুরুতে চট্টগ্রামে পাহাড় ধসসহ সারাদেশে অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। পরে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সভায় মহানগরীতে ৫০ হাজার বৃক্ষরোপণ ও পরিচর্যা নিশ্চিত করতে দৈনিক মজুরিভিত্তিতে ১০০ জন শ্রমিক এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে ৬৫০ জন শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সোনাডাঙ্গা সোলার পার্কে বেসরকারিভাবে সৌরবিদ্যুৎ উৎপাদন ও রক্ষণাবেক্ষণ, খুলনা ওয়াসার খননকৃত সড়ক দ্রুত মেরামতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় সভা, বড় ড্রেন পরিষ্কার, দুপুরের পর বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ এবং রাতে এসটিএস থেকে বর্জ্য অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জলাবদ্ধতা নিরসনে রূপসা স্লুইস গেটে পরীক্ষামূলকভাবে পাম্প স্থাপন, ট্রাক টার্মিনালসংলগ্ন পাইকারি কাঁচাবাজারের অনুমোদনহীন ৫৩টি আড়ৎ ঘরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে একটি কমিটি গঠন এবং আগামী মাসের প্রথম দিকে কেসিসির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করার সিদ্ধান্ত হয়।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং ২৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পিটিআই মোড়, নতুন বাজার মোড়, কবির বটতলা ও কল্পতরু মার্কেটসংলগ্ন এলাকার এসটিএস স্থানান্তরের জন্য জেলা প্রশাসন ও কেডিএর কাছে জায়গা বরাদ্দ চাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। নিরালা কবরস্থানসংলগ্ন এসটিএসে যাতায়াতের জন্য কেডিএর নির্মাণাধীন সড়কের কাজ দ্রুত শেষ করার অনুরোধও জানানো হয়।

এছাড়া রূপসা পাইকারি মৎস্যবাজারসংলগ্ন এলাকায় হাঁস-মুরগি ও ডিমের পাইকারি বাজার স্থাপন, নারী উদ্যোক্তাদের জন্য পণ্য বিক্রির নির্দিষ্ট স্থান বরাদ্দ, প্রতিটি দুই ওয়ার্ডে একটি করে ছোট খেলার মাঠ ও শিশু পার্ক নির্মাণ এবং শহীদ হাদিস পার্কসংলগ্ন খুলনা ওয়াসার ছয়টি ক্লোরিন গ্যাস সিলিন্ডার স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কেসিসির বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।