বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে চার দিনব্যাপী ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা সোমবার মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে শেষ হয়েছে। প্রতিযোগিতার শেষ দিনে ২০টি সাঁতার ইভেন্ট অনুষ্ঠিত হয়, যেখানে ৮টি নতুন জাতীয় রেকর্ড গড়া হয়।
প্রতিযোগিতায় পদক তালিকায় বিকেএসপি ৬৬টি স্বর্ণ, ৫৮টি রৌপ্য ও ৫৫টি ব্রোঞ্জ পদক জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নিকলী সুইমিং ক্লাব, কিশোরগঞ্জ ১৪টি স্বর্ণ পদক নিয়ে রানারআপ এবং মেঘনা মোহনা সুইমিং ক্লাব ১১টি স্বর্ণ পদক নিয়ে তৃতীয় স্থান লাভ করে।
বালক বিভাগে ১৫-১৭ বছর বয়সী মো. আব্দুল আজিম ১১টি স্বর্ণ, দুটি রৌপ্য এবং সাতটি জাতীয় রেকর্ড গড়ে প্রতিযোগিতার সেরা সাঁতারু নির্বাচিত হন। বালিকা বিভাগে ১৩-১৪ বছর বয়সী সেতিহা মাহতাব মাইশা ১০টি স্বর্ণ, একটি রৌপ্য ও চারটি জাতীয় রেকর্ড গড়ে সেরা সাঁতারুর স্বীকৃতি অর্জন করেন। ডাইভিংয়ে বিকেএসপির সায়েদুল ইসলাম ও অর্পা দাস যথাক্রমে সেরা বালক ও সেরা বালিকা ডাইভার নির্বাচিত হন।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় নতুন জাতীয় রেকর্ড গড়া প্রত্যেক সাঁতারুকে পাঁচ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়।
