UsharAlo logo
, |

উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ জেলা প্রশাসকের

ঊষার আলো ডেক্স
জুলাই ১৯, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই মাসের সভায় উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক হুরে জান্নাত।

রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, সকল সরকারি দপ্তরকে নিজ নিজ ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদ রাখতে হবে। পাশাপাশি উপজেলার মডেল মসজিদগুলোর নির্মাণকাজ দ্রুত শেষ করে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।

জেলা প্রশাসক বলেন, সম্প্রতি বিভিন্ন হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনক। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হাসপাতাল ও আশপাশের এলাকা ধূমপানমুক্ত রাখতে হবে। তিনি কয়রা উপজেলার মুন্ডা, মালো ও বাঘ-বিধবা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী জানান, ১৫ জুলাই পর্যন্ত জেলায় হাম সন্দেহে এক হাজার ২০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৪ জনের হাম শনাক্ত হয়েছে। বর্তমানে ৪২ জন চিকিৎসাধীন রয়েছেন এবং এ পর্যন্ত হামে ১৩ জনের মৃত্যু হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, জেলার তিন লাখ ২৬ হাজার ৫৬১টি কৃষক পরিবারের জন্য পর্যায়ক্রমে কৃষক কার্ড প্রদান করা হবে। প্রথম পর্যায়ে নয়টি উপজেলার ১৫ হাজার ৬৬৯টি পরিবার এ সুবিধার আওতায় আসবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান জানান, গত মাসে রপ্তানিযোগ্য চিংড়িতে পুশবিরোধী ১৩টি অভিযান পরিচালনা করে ৭২০ কেজি পুশকৃত চিংড়ি ধ্বংস এবং ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া মৎস্য সংরক্ষণ আইনে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস, এক লাখ পাঁচ হাজার মাছের পোনা অবমুক্ত এবং তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম জানান, চলতি মাসে টিকা বিক্রি, খামার নিবন্ধন ও কৃত্রিম প্রজনন ফি বাবদ ১৯ লাখ এক হাজার ৮০৬ টাকা রাজস্ব আয় হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট রাজস্ব আদায় হয়েছে এক কোটি ছয় লাখ ৭১ হাজার ২৯৫ টাকা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব জানান, গত মাসে ১২টি বাজার তদারকি করে ২০টি প্রতিষ্ঠানকে এক লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।