বন্ধুমহল সমাজকল্যাণ সংস্থা, খুলনার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই) নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের টুটপাড়া গাছতলা মন্দির প্রাঙ্গণসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু। বিশেষ অতিথি ছিলেন বন্ধুমহল সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবীর।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ পারভেজ বাবু বলেন, “গাছ হলো প্রকৃতির প্রাণ। আসুন, আমরা প্রত্যেকে সাধ্যমতো গাছ লাগাই এবং আমাদের পৃথিবীকে রক্ষা করি। সবুজ হোক পৃথিবী, সুন্দর হোক আগামী।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুটপাড়া গাছতলা মন্দির কমিটির সভাপতি শ্রী নিখিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্রী নির্মলেন্দু মণ্ডল, বন্ধুমহল সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, কে এম মাহবুব আলম, শাজাহান হোসেন, লিটন ইরফান, আব্দুল আলীম, মৌফারসের আলম লেনিন, হাসিব চৌধুরী, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, শ্রী রবীন্দ্রনাথ মিত্র, শ্রী পরিতোষ হালদার, শ্রী পলাশ হালদার, শ্রী সুবল বিশ্বাস, শ্রী রণজিৎ বল ইন্দু, আব্দুল্লাহেল কাফী (পিপিকে)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ নগর গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
