UsharAlo logo
, |

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আহ্বান, ইসি সচিবালয়ে বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

Mohon Chowdhury
জুলাই ৩১, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, গণতন্ত্র ও সুশাসনের টেকসই উত্তরণের জন্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অপরিহার্য। সময়ের দাবি অনুযায়ী নতুন বার্তা ও ইতিবাচক কর্মধারা নিয়ে জনগণের হৃদয়ে স্থান করে নিতে হবে। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা, দুঃখ-দুর্দশা ও প্রত্যাশার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেই আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হবে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে শামসুল আলমের নিয়োগের সমালোচনা করে বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা অতীতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নির্বাচনী কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে নির্বাচন কমিশনের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালনার ক্ষেত্রে জনমনে আশঙ্কা ও অনিশ্চয়তা সৃষ্টি হবে। তিনি এ নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানান।

তিনি আরও বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন শুধু জনপ্রতিনিধি পরিবর্তনের প্রক্রিয়া নয়; বরং এটি সমাজে ন্যায়বিচার, সুশাসন, জবাবদিহিতা ও জনগণের প্রকৃত কল্যাণ প্রতিষ্ঠার নতুন সূচনা হতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাস করে এবং সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

ইজ্জত উল্লাহ জানান, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে ইতোমধ্যে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। সেখানে নির্বাচনকে প্রভাবমুক্ত ও গ্রহণযোগ্য করার পাশাপাশি বিতর্কিত নিয়োগ বাতিল এবং গণতন্ত্র সুসংহত করতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়েছে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি এবং অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে কোনো ধরনের দলীয় বা রাজনৈতিক প্রভাবের সুযোগ থাকা উচিত নয়। কমিশনের নিরপেক্ষতা ও সাংবিধানিক অবস্থান আরও দৃঢ়ভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।

খুলনা মহানগরী জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপির পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে মহানগরী ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।