UsharAlo logo
, |

সাংবাদিকদের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

Mohon Chowdhury
আগস্ট ১, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে খুলনায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯–এর সহযোগিতায় শনিবার নগরীর অরণ্য ইকো গার্ডেনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খুলনা বিভাগের প্রায় ৬০ জন সাংবাদিকের হাতে বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট, ইয়ারমাফসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম তুলে দেওয়া হয়। এতে খুলনা বিভাগের ১০ জেলার পাশাপাশি পাবনা, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন এলাকার সাংবাদিকরা অংশ নেন।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠের প্রতিবেদক কৌশিক দের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনা অঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মাছরাঙা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আবু হেনা মোস্তাফা জামান, ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি মো. হেদায়েত হোসেন মোল্লা, হিমালয় খুলনা ব্যুরো প্রধান, উষার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রবিউল ইসলাম মঞ্জু এবং সিএমকেএসের নির্বাহী সদস্য আবুল হোসেন।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করার সক্ষমতা বাড়াবে। তারা এ আয়োজনের জন্য ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯–এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, নড়াইল, মংলা, যশোর ও ঝিনাইদহসহ বিভিন্ন জেলার বিজেপিসির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিরাপত্তা সরঞ্জাম বিতরণের পাশাপাশি সংগঠনের খুলনা বিভাগের দুই শতাধিক স্থায়ী সদস্যকে নিয়ে সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।