আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা শনিবার (১ আগস্ট) দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ, খুলনা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় বক্তারা সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনা প্রতিষ্ঠায় ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, একজন ইমাম শুধু মসজিদে নামাজ পরিচালনাকারী নন, তিনি সমাজেরও পথপ্রদর্শক। সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে ইমামদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
প্রধান আলোচকের বক্তব্যে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতী আ.ফ.ম. আকরাম হুসাইন বলেন, বর্তমান সময়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র নানা নৈতিক সংকটে রয়েছে। এ পরিস্থিতিতে ইমামদের শুধু খুতবা ও ওয়াজ-নসীহতের মধ্যেই সীমাবদ্ধ না থেকে কুরআন-সুন্নাহর আলোকে মানুষকে সৎ জীবন, পারস্পরিক সৌহার্দ্য, দুর্নীতিমুক্ত সমাজ ও মানবকল্যাণে উদ্বুদ্ধ করতে হবে। তিনি বলেন, ইমামরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলে একটি নৈতিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ, খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাকির হুসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী রকিবুদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মুফতী ফুরকান আহমাদ কাসেমী, মুফতী ইউনুস আহমাদ, মুফতী শরীফ মাশহুদুর রহমান, মুফতী মানজুর আহমাদ, মাওলানা আব্দুল জব্বার, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী জুনাইদ আহমাদ, মুফতী আবদুল্লাহ মুখতার ও শেখ নাসির উদ্দীন।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, খুলনার বিভিন্ন মসজিদের ইমাম-খতিব এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা আদর্শ সমাজ গঠনে ইমামদের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।