খুলনা, ২ আগস্ট : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, রূপসা নতুন বাজার শুধু খুলনা শহরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা নয়, বরং এ অঞ্চলের অর্থনীতির সম্ভাবনাময় প্রাণকেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ এ বাজার থেকে তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করেন। ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল করা এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য নিরাপদ ও আধুনিক পরিবেশ নিশ্চিত করতে কেডিএ রূপসা নতুন বাজারকে কেন্দ্র করে বহুমাত্রিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে।
রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কেডিএ’র সম্মেলন কক্ষে রূপসা নতুন বাজার দোকান মালিক অ্যাসোসিয়েশন, খুলনা চিংড়ি বণিক সমিতি এবং অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কেডিএ খুলনা মহানগরীর সুশৃঙ্খল উন্নয়ন ও বাণিজ্যিক সম্প্রসারণে কাজ করছে। এ লক্ষ্যে রূপসা নতুন বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব বাজারে পরিণত করতে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাজারের অভ্যন্তরীণ পরিবেশ উন্নয়ন এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য আকর্ষণীয় সুবিধা নিশ্চিত করতে শিগগিরই একটি বহুতল বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
অন্য প্রসঙ্গে কেডিএ চেয়ারম্যান বলেন, নগরীর সৌন্দর্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অবৈধ স্থাপনা ও জবরদখলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। তিনি ফুটপাত, কেডিএ’র জমি কিংবা অন্যের সম্পত্তি অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য (এস্টেট) মো. ইকবাল হোসেন (উপসচিব), সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা (উপসচিব), সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মো. আব্দুল্লাহ কবি সাদ, পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ, উপ-পরিচালক (প্রশাসন, চলতি দায়িত্ব) মো. ইজাদুর রহমান, রূপসা নতুন বাজার মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম নুরুল আলম দীপু, খুলনা চিংড়ি বণিক সমিতির সভাপতি এস এম নুরুজ্জামান বিপ্লব, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান মঞ্জিরসহ বিভিন্ন ব্যবসায়ী নেতা ও সুধীজন।
