বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার পাইকগাছা উপজেলার রাড়ুলীতে তাঁর জন্মভিটা সংলগ্ন চত্বরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে আচার্যের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জীবন ও কর্মভিত্তিক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী মেলা, আলোচনা সভা, গাছের চারা বিতরণ এবং পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেন, স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় শুধু একজন বিজ্ঞানীই ছিলেন না, তিনি ছিলেন একজন সফল উদ্যোক্তা, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক। বিদেশে শিক্ষকতা ও গবেষণার সুযোগ থাকা সত্ত্বেও তিনি জন্মভূমিকে কখনো ভুলে যাননি। ব্যক্তিগত বিলাসিতার চেয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণকে অধিক গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, মাতৃভূমির প্রতি তাঁর গভীর ভালোবাসার অন্যতম দৃষ্টান্ত হলো ইংল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ ছেড়ে দেশে ফিরে আসা। দেশের বিজ্ঞান, শিক্ষা ও শিল্পোন্নয়নে তাঁর অবদান আজও প্রাসঙ্গিক এবং অনুকরণীয়।
বিভাগীয় কমিশনার আরও বলেন, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় দেশের জন্য যে অবদান রেখে গেছেন, তার যথাযথ মূল্যায়ন ও সম্মান প্রদর্শন করা আমাদের দায়িত্ব। তাঁর স্মৃতি সংরক্ষণ এবং জন্মভিটার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা সম্ভব। এ বিষয়ে স্থানীয় জনগণকে সোচ্চার হতে হবে। জনসচেতনতা বৃদ্ধি পেলে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়কে দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে পরিচিত করে তোলা সহজ হবে।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মো. মহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমিন সানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমীন, পাইকগাছা বিএনপির আহ্বায়ক ড. আব্দুল মজিদ, রাড়ুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, পিসি রায় স্মৃতি সংসদের সহ-সভাপতি ড. মো. হারুন-অর-রশিদ এবং ভূবন মোহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার রায়।
স্বাগত বক্তব্য দেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এবং পাইকগাছা উপজেলা প্রশাসন ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
