০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় নগর ভবনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা। সকাল সাড়ে ৯টায় বসুপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনের শহিদ সাকিব রায়হানের কবর জিয়ারত, সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড়স্থ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা এবং বেলা সাড়ে ১১টায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
এছাড়া দিবসটি উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ মোড়সমূহ কাগজের জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হবে। একই সঙ্গে জুলাই আন্দোলনের বস্তুনিষ্ঠ ও দুর্লভ আলোকচিত্র সম্বলিত প্যানা ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে নগরীকে সাজানো হবে।
কেসিসি সূত্রে জানা গেছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্লে থেকে নার্সারি শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ বিভাগে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ বিভাগে এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ বিভাগে অংশগ্রহণ করতে পারবে। ‘ক’ বিভাগের বিষয় উন্মুক্ত রাখা হয়েছে। ‘খ’ বিভাগের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ এবং ‘গ’ বিভাগের বিষয় ‘জুলাই আন্দোলনের চিত্র’।
অন্যদিকে রচনা প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঘ’ বিভাগে ‘পাঁচই আগস্ট ও জুলাই বিপ্লব’ এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঙ’ বিভাগে ‘ছাত্র-জনতার বিজয় ও একটি গণঅভ্যুত্থান’ বিষয়ে অংশগ্রহণ করতে পারবে।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
