UsharAlo logo
, |

দৌলতপুর ব্লাড ডোনেশনের নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাহরিয়ার তাজ ও সম্পাদক মেহেরব

Mohon Chowdhury
আগস্ট ৪, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্বেচ্ছাসেবী সংগঠন দৌলতপুর ব্লাড ডোনেশনের ২০২৬-২০২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মুহাম্মাদ শাহরিয়ার তাজ সভাপতি এবং মুহাম্মাদ মেহেরব হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

“তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৪ সালে খুলনার ঐতিহ্যবাহী শিল্পাঞ্চল দৌলতপুরে একঝাঁক মানবিক ও স্বেচ্ছাসেবী তরুণের উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান, রক্তদাতা সংগ্রহ, জরুরি রক্তসেবা নিশ্চিতকরণ এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সোমবার (৩ আগস্ট) সংগঠনের বিগত সেশনের মুখপাত্র মুহাম্মাদ শাহরিয়ার তাজের সভাপতিত্বে এবং সচিব মুহাম্মাদ মেহেরব হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এক সভায় উপদেষ্টা পরিষদের মতামতের ভিত্তিতে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ২০২৬-২০২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

উপদেষ্টা পরিষদ ও সংগঠনের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে শাহরিয়ার তাজকে সভাপতি এবং মেহেরব হোসাইনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। পাশাপাশি ১৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও পরিচালনা পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মুহাম্মাদ শাহরিয়ার তাজ বলেন, বিগত কমিটির মুখপাত্র হিসেবে নানা চ্যালেঞ্জের মধ্যেও সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উপদেষ্টা পরিষদ ও সদস্যদের আস্থার প্রতিদান দিতে নতুন দায়িত্বে সংগঠনকে আরও এগিয়ে নিতে কাজ করবেন তিনি।

তিনি জানান, স্থায়ী রক্তদাতা সংগ্রহ, আধুনিক তথ্যভান্ডার তৈরি এবং জরুরি রক্তসেবা সহজলভ্য করতে ইতোমধ্যে বিভিন্ন অনলাইনভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিগগিরই এসব উদ্যোগের বিস্তারিত প্রকাশ করা হবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্যক্রম আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার লক্ষ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। মানবসেবায় আগ্রহী তরুণদের রক্তদান আন্দোলনে যুক্ত হয়ে মানবিক এই উদ্যোগকে আরও বেগবান করার আহ্বান জানানো হয়েছে।