UsharAlo logo
, |

২০ আগস্ট থেকে শুরু নৌযান শুমারি

Mohon Chowdhury
আগস্ট ৪, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

দেশে প্রথমবারের মতো আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ‘নৌযান শুমারি-২০২৬’ পরিচালিত হবে। এ উপলক্ষে সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত।

জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বিভিন্ন শুমারির মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার তৈরি করছে। নৌযান শুমারির মাধ্যমে জেলে ও নৌ-শ্রমিকদের ঝুঁকি, চ্যালেঞ্জ এবং বাস্তব পরিস্থিতি চিহ্নিত করা সম্ভব হবে। তিনি দেশের এই গুরুত্বপূর্ণ কার্যক্রম সফল করতে সঠিক তথ্য প্রদানের আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান দপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আইয়ুব হোসেন। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নৌযান মালিক প্রতিনিধি, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন এবং নৌ-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত এ শুমারির মাধ্যমে দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী নৌযানের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে, যা নৌপরিবহন খাতের উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ ও পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।