খুলনার দিঘলিয়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
র্যাব-৬ জানায়, মঙ্গলবার রাতে র্যাব-৬ সিপিএসসি ও ঝিনাইদহ ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকচালক তরিকুল ইসলাম (৪৬)কে গ্রেপ্তার করে। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।
র্যাবের তথ্য অনুযায়ী, গত ৩১ জুলাই রাত পৌনে ১০টার দিকে দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সিহাব শেখ (২৪) গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নিহত হন তাঁর স্ত্রী ফারজানা খাতুন (২২), শ্যালিকা রুবিয়া খাতুন (১৬) এবং দুই বছরের শিশু মায়মুনা।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী ট্রাকটি ফেলে পালিয়ে গেলে ক্ষুব্ধ স্থানীয় লোকজন ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে।
ঊষার আলো-এসএ
