খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তাদের দোসররা এখনও বিভিন্ন স্তরে সক্রিয় রয়েছে। তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্র করছে। এসব অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
বুধবার দুপুরে নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে খুলনা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম মনা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ কখনও বৃথা যেতে দেওয়া হবে না। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ফ্যাসিবাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকার আহ্বান জানান।
সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
