UsharAlo logo
, |

নারী উদ্যোক্তাদের সহায়তায় কেসিসি

Mohon Chowdhury
আগস্ট ১২, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নারী ও শিশুদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা কেসিসির দায়িত্ব। তাদের স্বাবলম্বী করতে পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সহায়তার পাশাপাশি নারী উদ্যোক্তাদেরও সহযোগিতা করা হচ্ছে।

বুধবার সকালে নগরীর ১৬ নম্বর ওয়ার্ড অফিসে ‘খুলনার নারী উদ্যোক্তাদের পাশে ওয়ার্ল্ড ভিশন: মূলধনে সহায়তা প্রদান কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উওমেন ইকনোমিক এমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে ১৮ জন নারী উদ্যোক্তার প্রত্যেককে ৯ হাজার টাকা করে মূলধন সহায়তা দেওয়া হয়।

প্রশাসক বলেন, নারীদের স্বাবলম্বী করার এ উদ্যোগ গুরুত্বপূর্ণ। নগরীর আরও নারী উদ্যোক্তাকে প্রকল্পের আওতায় আনার জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান। উল্লেখ্য, খুলনা শহরের ৬০০ নারী উদ্যোক্তাকে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে ওয়ার্ল্ড ভিশন।

জলবায়ু বাস্তুচ্যুতদের জন্য কৌশলপত্র

খুলনা মহানগরীতে জলবায়ুজনিত অভ্যন্তরীণ স্থানচ্যুতি ব্যবস্থাপনার কৌশল বিষয়ে একটি সমন্বিত কৌশলপত্র খুলনা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর কাছে কৌশলপত্রটি হস্তান্তর করেন কারিতাস-খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ। কেসিসির সহযোগিতায় কারিতাস-খুলনা অঞ্চলের ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়।

প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে। তাদের আর্থ-সামাজিক উন্নয়নে ভবিষ্যৎ নগর পরিকল্পনায় এ কৌশলপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাস্তুচ্যুত মানুষের জন্য উপযুক্ত আবাসন, নগরসেবা ও জীবিকার সুযোগ নিশ্চিতের পাশাপাশি তাদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।

কুয়েটের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট ও কারিতাস বাংলাদেশ যৌথভাবে কৌশলপত্রটি প্রণয়ন করেছে। অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির-উল-জব্বার, কুয়েটের শিক্ষক ড. মোহাম্মদ ইসমাইল হোসাইনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।