বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে খুলনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মানবদরদি, সমাজ সংস্কারক ও সমাজ উন্নয়নের অগ্রদূত। তিনি মানবতা ও মানুষের কল্যাণে অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করে গেছেন। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে পরিচিত ও সমৃদ্ধ করেছেন।
তিনি বলেন, রবীন্দ্রনাথের অমর ছোটগল্প ‘কাবুলিওয়ালা’ মানুষের মধ্যে পিতৃত্ববোধ ও মানবিকতার অনুভূতি জাগ্রত করে। রবীন্দ্রচেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রফেসর মো. আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম।
আলোচনা সভা শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সৃষ্টিকর্মকে উপজীব্য করে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
