খুলনায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬’-এর আঞ্চলিক বাছাই পর্ব। শনিবার নগরীর দ্য গ্র্যান্ড খুলনা হোটেলে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও ইউ.এস. সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি)-এর যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অর্নি শবনম চ্যাম্পিয়ন, মিরাজুল ইসলাম প্রথম রানার-আপ এবং ডোনাল অর্ণব দ্বিতীয় রানার-আপ হন। এছাড়া শাহরিয়ার পারভেজ, নবনী ইসলাম ও ইশিতা বিশ্বাস ঢাকায় অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণের সুযোগ অর্জন করেন।
‘প্রোটিন দিয়ে সাজান আপনার প্লেট’ প্রতিপাদ্যে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মুরগির মাংস, ডিম ও সয়াবিন ব্যবহার করে বিভিন্ন পুষ্টিকর ও উদ্ভাবনী খাবার প্রস্তুত করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টনি খান, রন্ধনবিশেষজ্ঞ রহিমা সুলতানা রিতা এবং পুষ্টিবিদ ইসরাত জাহান বিচারকের দায়িত্ব পালন করেন।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের মধ্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিই এ আয়োজনের মূল লক্ষ্য। নির্বাচিত ছয় প্রতিযোগী জাতীয় পর্যায়ের গ্র্যান্ড ফাইনালে অংশ নেবেন।
