‘সবুজে সাজাই আমার শহর’ কর্মসূচির আওতায় নাগরিক ফোরাম-খুলনার উদ্যোগে মহানগরীর ৩১টি ওয়ার্ডে বৃক্ষরোপণ অভিযানের দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে নগরীর দৌলতপুরের শের-এ-বাংলা বালিকা বিদ্যালয়ে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
এসময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নাগরিক ফোরাম-খুলনার চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, শের-এ-বাংলা বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোল্লা নজরুল ইসলাম ও প্রধান শিক্ষক জয়নাল আবেদিন।
অনুষ্ঠানে প্রশাসক ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডের নাগরিক ফোরাম নেতৃবৃন্দের মাঝে ৫০০ গাছের চারা বিতরণ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে প্রতিটি ওয়ার্ডে অন্তত ৫০টি করে গাছের চারা রোপণ করা হবে।
এর আগে কেসিসি প্রশাসক ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে নগরীর ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে চলমান ক্রাশ প্রোগ্রাম কার্যক্রম পরিদর্শন করেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
