UsharAlo logo
, |

খুলনায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Mohon Chowdhury
আগস্ট ১৬, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় শিশু-কিশোরদের অংশগ্রহণে বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জিয়া শিশু-কিশোর সংগঠন খুলনা মহানগরের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি নিয়াজ আহমেদ তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রেহানা আক্তার, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা তুলে ধরে গণতান্ত্রিক মূল্যবোধ ও বৈষম্যহীন সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।