খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) গৃহীত ক্রাশ প্রোগ্রাম চলমান রয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২১ আগস্ট) সকাল থেকে নগরীর ১ ও ১২ নম্বর ওয়ার্ডে চলমান কার্যক্রম পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
পরিদর্শনকালে তিনি ১ নম্বর ওয়ার্ডের মহেশ্বরপাশা রানার মাঠ এবং ১২ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ক্যাম্প বিহারী কলোনী সংলগ্ন এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসির পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরপরও সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সংক্রমণের মাত্রা অনুযায়ী মহানগরীকে রেড, অরেঞ্জ ও ইয়েলো জোনে বিভক্ত করে কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের পরিবার ও সন্তানদের নিরাপদ রাখতে কেসিসির কার্যক্রমের পাশাপাশি বাড়ি ও স্থাপনার ভেতরে কোথাও যেন পানি জমে না থাকে এবং মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই।
এ সময় কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, কনজারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর এইচ এম আবু সালেক, সমাজসেবক কাজী শফিকুল ইসলাম শফি, আব্দুল জলিল হাওলাদার, শাহানাজ পারভীনসহ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
