যশোরে অনলাইন বেটিং ওয়েবসাইট ও জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল সোমবার বিকেলে জেলার কোতোয়ালি মডেল থানার ডালমিল আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টা ৫০ মিনিটে ডালমিল আদর্শপাড়া চোরমারা দিঘির দক্ষিণপাড়ার একটি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে ল্যাপটপ ও মুঠোফোন ব্যবহার করে অনলাইন জুয়ার অ্যাপের মাধ্যমে জুয়া খেলার সময় আটজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরার শিবপুর এলাকার মো. ফয়সাল (২২), শাহিন আলম (২৪), মরাগাছা এলাকার মো. মিলন (২৫), শিবপুরের মো. শরিফুল আসলাম (২৩), মলেঙ্গার মো. নাজমুল হোসেন (২২), পরানপুরের মো. বাপ্পি হোসেন (২১) ও মিন্দিনগরের মো. আরিফুল ইসলাম (২০)। র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, তালিকায় শরিফুল আসলামের নাম দুবার উল্লেখ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি ল্যাপটপ ও নয়টি অ্যান্ড্রয়েড মুঠোফোন ব্যবহার করে বিভিন্ন অনলাইন বেটিং ওয়েবসাইটে জুয়া খেলছিলেন। এ কাজে বিকাশ, রকেট ও নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার হিসাব ব্যবহার করে দেশ-বিদেশে অবৈধ আর্থিক লেনদেন করা হতো বলে অভিযোগ রয়েছে।
অভিযানে তাঁদের কাছ থেকে ৮৬০টি বিভিন্ন রঙের স্ক্র্যাচ কার্ডও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
ঊষার আলো-এসএ
