UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সাংবাদিকের বাসায় আগুন, আতঙ্কে পরিবার

Mohon Chowdhury
নভেম্বর ১৭, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় দৈনিক প্রবাহ পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক কামরুল আহসানের সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসভবনের বারান্দায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (তারিখ উল্লেখ নেই) বিকেল ৪টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন সাংবাদিক কামরুল আহসান। তবে পরিবারের সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সাংবাদিক কামরুল আহসান জানান, সোনাডাঙ্গা আবাসিক এলাকার প্রথম ফেজের ৪ নম্বর সড়কে অবস্থিত নিজ বাসভবনে সোমবার বিকেল ৪টার দিকে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তার শিশু ছেলে সায়ান চিৎকার করে জানায়, বাসায় আগুন লেগেছে। পরে তিনি দ্রুত ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হন।

এ ঘটনায় বাসার বারান্দায় শুকাতে দেওয়া দুটি গামছা, একটি ম্যাক্সি ও একটি টি-শার্ট পুড়ে যায় বলে জানান তার স্ত্রী। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পরিবারটি।

খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সাংবাদিক কামরুল আহসানের বাসার বারান্দায় শুকাতে দেওয়া গামছায় কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

এদিকে সাংবাদিক কামরুল আহসানের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দৈনিক প্রবাহ পরিবার। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের জোর দাবি জানিয়েছে পত্রিকাটির পরিবার।

ঊআ-মোচৌ