UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ

Mohon Chowdhury
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখা।

সোমবার বিকেলে নগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করেন এবং তা প্রত্যাহারের দাবি জানান।

তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে কৃষি, শিল্প, পরিবহন ও নিত্যপণ্যের বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

মাহফুজুর রহমান আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বাড়বে, যার প্রভাব সাধারণ ভোক্তাদের ওপর পড়বে। তিনি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা, ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী সভাপতি রাকিব হাসান, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা শেখ মোহাম্মদ অলিউল্লাহ, মাওলানা শাহারুল ইসলাম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহীদুল ইসলাম, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন এবং সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।