ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ শহিদুল ইসলাম বলেছেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়নের প্রধান চালিকাশক্তি হলো শিল্প খাত। শক্তিশালী শিল্প অবকাঠামো জাতীয় আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক বাণিজ্যে দেশের অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সোমবার সন্ধ্যায় নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে আইবিডব্লিউএফ খুলনা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, শুধু শিল্প স্থাপন করলেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা, আধুনিক ব্যবস্থাপনা, দক্ষ বিপণন কৌশল এবং সময়োপযোগী সেলসম্যানশিপ। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে উৎপাদন থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াকে সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনতে হবে।
তিনি নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বাজার বিশ্লেষণ, পর্যাপ্ত মূলধন ও অবকাঠামো নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় আইনি ও পরিবেশগত অনুমোদন গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার এবং উন্নত গ্রাহকসেবার মাধ্যমে ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধির পরামর্শ দেন।
আইবিডব্লিউএফ খুলনা মহানগরী সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আজিজুর রহমান স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর পাটোয়ারী, খুলনা জোনের সভাপতি খান মোশাররফ হোসেন এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের সমন্বিত বিকাশ দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা, পণ্যের গুণগত মান বজায় রাখা এবং গবেষণায় বিনিয়োগ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সমাবেশে আইবিডব্লিউএফের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
