UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী

Mohon Chowdhury
অক্টোবর ৪, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। এ কর্মসূচির প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে এবং তা উপজেলা থেকে ইউনিয়ন ও মাঠপর্যায় পর্যন্ত সম্প্রসারিত হবে।

রোববার সকালে খুলনা সিএসএস আভা সেন্টারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন কার্যক্রম অবহিতকরণ শীর্ষক বিভাগীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। তবে সমাজের সব সমস্যার সমাধান এককভাবে এ মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয়। সরকারের অন্যান্য সংস্থা ও প্রতিষ্ঠানেরও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, আধুনিকায়নের সঙ্গে সঙ্গে সমাজে নতুন নতুন সমস্যা ও বৈষম্য সৃষ্টি হচ্ছে। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে স্বাভাবিক জনগোষ্ঠীর পাশাপাশি প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কার্যক্রম পরিচালনা করতে হবে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়ের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) মোহা. কামরুজ্জামান। এতে খুলনা বিভাগের ১০ জেলার সমাজসেবা বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

ঊআ- মোচৌ