UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকদের মর্যাদা নিশ্চিত না হলে জাতি এগোতে পারবে না : তুহিন

Mohon Chowdhury
অক্টোবর ৫, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন বলেছেন, শিক্ষকরা জাতির কাণ্ডারি ও সমাজ গড়ার কারিগর। শিক্ষকদের প্রাপ্য সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত না হলে জাতি হিসেবে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব নয়।

সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ প্রাঙ্গণে ‘হাসিমুখ ফাউন্ডেশন’ আয়োজিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি মেধাভিত্তিক, নীতিবান ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের অবদান অপরিসীম। তাই শিক্ষকদের সামাজিক মর্যাদা, অর্থনৈতিক নিরাপত্তা এবং পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা সময়ের দাবি।

হাসিমুখ ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নওসাদুজ্জামান পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুল ইসলাম সরদার, উপাধ্যক্ষ মো. আব্দুর রশিদ, ফাউন্ডেশনের উপদেষ্টা মিজানুর রহমান মিলটন ও শিক্ষক মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, ফাউন্ডেশনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা শেষে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ঊআ- মোচৌ