বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
সোমবার বিকেলে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর ১৬টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, ডেঙ্গুর প্রকোপে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ সংকট মোকাবিলা করা সম্ভব।
মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমানের সভাপতিত্বে সভায় সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, খুলনা সদর থানা আমীর হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম ও থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মহানগরী সেক্রেটারি বলেন, পরিচ্ছন্নতা, মশকনিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় প্রয়োজন। পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরী গঠনে জনসম্পৃক্ততা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে।
তিনি জানান, ৪ থেকে ১০ অক্টোবর ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ পালন করা হচ্ছে। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল ধ্বংস এবং স্বাস্থ্যবিষয়ক প্রচারপত্র বিতরণ করা হবে। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধ এবং আক্রান্ত হলে করণীয় বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হবে।
