সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করতে খুলনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্দোলন অব্যাহত থাকবে। আগামী ৩১ অক্টোবরের লংমার্চকে ইতিহাসের অন্যতম বৃহৎ কর্মসূচিতে পরিণত করতে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, দেশের মানুষ মৌলিক অধিকার, ন্যায়বিচার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত। এসব দাবিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। লংমার্চের মাধ্যমে জনগণের দাবি দেশব্যাপী তুলে ধরা হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপির সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সভায় লংমার্চ সফল করতে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদারের আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও চাঁদাবাজি রোধসহ সাত দফা দাবিতে ৩১ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হবে। কর্মসূচির সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে কুষ্টিয়ায়।
ঊআ- মোচৌ
