খুলনা বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা টেরে ডেস হোমস্ (টিডিএইচ) বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট রিসার্চ গ্র্যান্ট প্রোগ্রাম-২০২৬’ চালু হয়েছে। এ কর্মসূচির আওতায় ৩১টি গবেষণা প্রস্তাবের মধ্য থেকে সাতজন শিক্ষার্থীকে গবেষণা অনুদানের জন্য নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত শিক্ষার্থীরা হলেন অর্থনীতি ডিসিপ্লিনের নাবিল আহমেদ চৌধুরী, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের মো. হেলালুজ্জামান ও দৃষ্টি মজুমদার, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের অলব্রাইট বাড়ৈ, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের খালিদ আহমেদ, স্থাপত্য ডিসিপ্লিনের মো. হাসিবুল আলম সম্পদ এবং শিক্ষা ডিসিপ্লিনের মো. লিমন শেখ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, এ উদ্যোগ তরুণ গবেষকদের উৎসাহিত করবে এবং স্থানীয় বাস্তবতাভিত্তিক গবেষণা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টিডিএইচ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিনিয়া আফরোজ বলেন, এ কর্মসূচি তরুণ গবেষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিশু ও তরুণদের নিয়ে প্রয়োজনীয় গবেষণালব্ধ তথ্য তৈরিতে সহায়তা করবে।
অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, শিশু পুষ্টি, দুর্যোগ প্রস্তুতি, স্বাস্থ্যঝুঁকি, পানি ও স্যানিটেশন এবং কিশোর নেতৃত্ব বিকাশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করবেন। গবেষণার ফলাফল আগামী ডিসেম্বর মাসে খুলনা বিশ্ববিদ্যালয় ও টিডিএইচ বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় সম্মেলনে উপস্থাপন করা হবে।
ঊআ- মোচৌ
