UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় জাতীয় যুবশক্তির নতুন কমিটির পরিচিতি সভা

Mohon Chowdhury
অক্টোবর ১১, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির খুলনা মহানগর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার খুলনা প্রেসক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর এনসিপির সদস্যসচিব ডা. আব্দুল্লাহ চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির মহানগর আহ্বায়ক সরদার তুহিনুজ্জামান সোহাগ। সঞ্চালনা করেন সদস্যসচিব মো. হেলাল খন্দকার।

সভায় জানানো হয়, গত ১ অক্টোবর ৩৫ সদস্যবিশিষ্ট মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আহ্বায়ক সরদার তুহিনুজ্জামান সোহাগ, সদস্যসচিব মো. হেলাল খন্দকার ও মুখ্য সংগঠক আলিফ আফিফ অন্তিক দায়িত্ব পালন করছেন। এ ছাড়া খুলনা সদর, সোনাডাঙ্গা, খালিশপুর ও দৌলতপুর থানা শাখার আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল্লাহ চৌধুরী বলেন, যুবসমাজকে দলীয় স্বার্থে বা পেশিশক্তি হিসেবে ব্যবহার না করে তাদের মেধা, দেশপ্রেম ও নেতৃত্বের বিকাশে কাজ করতে হবে। খুলনায় বেকারত্ব, মাদকের বিস্তার ও কিশোর অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় বক্তারা বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মহানগরীর প্রতিটি ওয়ার্ডে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক তরুণদের সংগঠিত করা, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সহায়ক পরিবেশ গড়ে তোলা এবং বৈষম্য, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সভায় নবগঠিত মহানগর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঊআ- মোচৌ