UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আবাসিক হোটেলে দেহ ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে খুলনায় মানববন্ধন

Mohon Chowdhury
অক্টোবর ১৩, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

হত্যা, সন্ত্রাস এবং নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে দেহ ও মাদক ব্যবসার অভিযোগের প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর লোয়ার যশোর রোডে দশতলা ভবনের বিপরীতে আয়োজিত এ মানববন্ধনে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

খুলনা সচেতন নাগরিক সমাজের সভাপতি ও নাগরিক নেতা কমরেড মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইফতেখার হোসেন বাবু ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন নাগরিক সমাজ, খুলনার সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার, বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, নাগরিক নেতা সিরাজউদ্দিন সেন্টু, জামাল উদ্দিন মোড়ল ও জুয়েল হোসেন সাদ্দাম, বেবিট্যাক্সি ইউনিয়নের সভাপতি আকবার হোসেন, পাদুকা মালিক সমিতির নেতা হুমায়ুন কবীর বাবু, হকার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সালেহ উদ্দিন কালে, যুবনেতা রুবেল হোসেন ও মো. কলিমুল হক তামিম এবং সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি খায়রুল তালুকদারসহ অন্যরা।

বক্তারা বলেন, খুলনাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নগরীর আবাসিক হোটেলগুলোতে অনৈতিক ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁরা প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, নাগরিক অধিকার রক্ষা এবং সন্ত্রাসমুক্ত খুলনা গড়ার লক্ষ্যে তাঁদের এ আন্দোলন অব্যাহত থাকবে।

ঊআ- মোচৌ