খুলনার দাকোপ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পানখালি এসডিজি ভিলেজের মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।
উপজেলা আইসিটি অফিসার সমীর বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য দেন পানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির আহম্মেদ, ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, এসডিজি ভিলেজ কো-অর্ডিনেটর মো. মনোয়ার হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকরা।
প্রশিক্ষণে শিক্ষার্থীদের সাইবার অপরাধের বিভিন্ন ধরন, অনলাইন প্রতারণা থেকে আত্মরক্ষার কৌশল, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ ছাড়া অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, অপরিচিত লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা এবং সন্দেহজনক অনলাইন কার্যক্রমের ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের সহায়তা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণে শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারের অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
ঊআ- মোচৌ
