UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের জরুরি রুকন সমাবেশ

Mohon Chowdhury
অক্টোবর ১৬, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

শান্তিপূর্ণ লংমার্চ বানচালে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেছেন, কোনো ষড়যন্ত্র বা অপশক্তির কাছে মাথা নত না করে জনগণের অধিকার, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নিতে হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) নগরীর সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটি মিলনায়তনে ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়ন উপলক্ষে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর জরুরি রুকন সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফুজুর রহমান বলেন, দেশি-বিদেশি চক্রান্তকারীরা এ দেশের মানুষকে তাদের অধিকার ফিরে পেতে দিতে চায় না। তবে খুলনার মাটি থেকে যে আন্দোলনের সূচনা হবে, তা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। আল্লাহর ওপর ভরসা রেখে ঈমানী শক্তি ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

আগামী ৩১ অক্টোবরের লংমার্চ উপলক্ষে খুলনার বাবরী চত্বর (শিববাড়ী মোড়) জনসমুদ্রে পরিণত করতে মেধা, শ্রম, সময় ও সামর্থ্য নিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান মহানগরী আমীর।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী এ দেশের মাটি ও মানুষের সংগঠন। সংগঠনের রুকনরা আন্দোলনের মূল চালিকাশক্তি। তাঁদের ত্যাগ, কুরবানি, নিষ্ঠা ও সুশৃঙ্খল কর্মতৎপরতার ওপর সংগঠনের সাফল্য নির্ভর করে। ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে রুকনদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

মাহফুজুর রহমান বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও দেশবিরোধী শক্তিগুলো এখনো নানা কৌশলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার চেষ্টা করছে বলে তাঁরা মনে করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ১১ দলীয় ঐক্য কোনো ব্যক্তি বা দলের সংকীর্ণ স্বার্থে নয়; বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে। ৩১ অক্টোবরের লংমার্চকে তিনি জনগণের অধিকার আদায়ের কর্মসূচি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ঐতিহাসিকভাবেই খুলনার মানুষ অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার। তাই লংমার্চ বাস্তবায়নে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীকে দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা ও ঘরে ঘরে লংমার্চের বার্তা এবং জাতীয় ঐক্যের আহ্বান পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।

মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলমের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চল জামায়াতের সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম।

সমাবেশে আরও বক্তব্য দেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, খুলনা জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও গাওসুল আযম হাদীসহ মহানগরী ও থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঊআ- মোচৌ