UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অটোমেশন চালু

Mohon Chowdhury
অক্টোবর ১৬, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) সেন্ট্রাল লাইব্রেরির অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান।

উদ্বোধনকালে তিনি বলেন, আধুনিক উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তিনির্ভর গ্রন্থাগারসেবার গুরুত্ব অপরিসীম। লাইব্রেরি অটোমেশনের মাধ্যমে বই অনুসন্ধান, তথ্য সংরক্ষণ ও পাঠকসেবা আরও সহজ, দ্রুত এবং কার্যকর হবে। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য ও পাঠসামগ্রী সহজেই খুঁজে পাবেন এবং জ্ঞানচর্চা ও গবেষণার সুযোগ সম্প্রসারিত হবে।

তিনি গ্রন্থাগারসেবার আধুনিকায়নে এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে এর কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, লাইব্রেরি অটোমেশন চালুর ফলে বই ও অন্যান্য পাঠসামগ্রীর তথ্য ব্যবস্থাপনা, পাঠকসেবা প্রদান এবং গ্রন্থাগারের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে। এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সহজলভ্য গ্রন্থাগারসেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান (ইনচার্জ) ফারজানা শারমিন আনিকা।

এ সময় ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের প্রভাষক আহসান উল্লাহ ও মো. নাদিম এবং বিভাগের ইন্টার্নশিপরত জ্যেষ্ঠ শিক্ষার্থীরা লাইব্রেরি অটোমেশনের বিভিন্ন সুবিধা ও কার্যক্রম বাস্তবায়নে তাঁদের ভূমিকা তুলে ধরেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে প্রায় আট হাজার পাঠ্য ও সংশ্লিষ্ট বই-পুস্তক এবং জার্নালের মুদ্রিত কপি সংরক্ষিত রয়েছে। পাশাপাশি অনলাইনে বই পড়ার সুযোগও রয়েছে। লাইব্রেরি অটোমেশন চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারসেবায় প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত হলো।

ঊআ- মোচৌ