নিজেদের ‘হোম অব ক্রিকেট খ্যাত’ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হেরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে ১-০তে পিছিয়ে যায় টাইগাররা।
দলের পরাজয়ের টেস্টে কীর্তি গড়েছেন দেশের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে পরিচিত মুমিনুল হক সৌরভ। জাতীয় টেস্ট দলের সাবেক এই অধিনায়ক প্রথম শ্রেণির (টেস্ট+চারদিনের ম্যাচ) ক্রিকেটে এখন ১১ হাজার রানের মালিক। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন মুমিনুল।
এই তালিয়কা শীর্ষে আছেন সাবেক তারকা ক্রিকেটার তুষার ইমরান। জাতীয় দলের হয়ে ৫টি টেস্ট আর ৪১টি ওয়ানডে খেলা এই তারকা ব্যাটসম্যান; প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০৭ ইনিংসে ব্যাট করে ৩২টি সেঞ্চুরি আর ৬৩টি ফিফটির সাহায্যে রেকর্ড সর্বোচ্চ ১১ হাজার ৯৭২ রান সংগ্রহ করেন।
দ্বিতীয় পজিশনে আছেন ছক্কা নাঈম হিসেবে পরিচিত সাবেক তারকা ক্রিকেটার নাঈম ইসলাম। জাতীয় দলের হয়ে ৫৯টি ওয়ানডে, ১০টি টি-টোয়েন্টি আর ৮টি টেস্টে অংশ নেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০২ ইনিংসে ব্যাট করে ৩৪টি সেঞ্চুরি আর ৪৭টি ফিফটির সাহায্যে ১১ হাজার ২৫৩ রান সংগ্রহ করেন নাঈম ইসলাম।
মুমিনুল হক ইতোমধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯৭ ইনিংসে ব্যাট করে ২৯টি সেঞ্চুরি আর ৫৪টি ফিফটির সাহায্যে ১১ হাজার ১৭ রান সংগ্রহ করেছেন। নাঈম ইসলামকে ছাড়িয়ে যেতে মুমিনুলের প্রয়োজন আর মাত্র ২৪২ রান। তুষার ইমরানকে ছাড়িয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের হয়ে রেকর্ড রানের মালিক হতে মুমিনুলকে করতে হবে ৯৬১ রান।
ঊষার আলো-এসএ
