UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

বিনোদন ডেস্ক
নভেম্বর ৫, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঢালিউড নির্মাতা আদনান আল রাজীব দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন, নাটক ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানিয়ে আসছেন। বহুল আলোচিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ নির্মাণ করে সিনেমাপ্রেমী দর্শকদের মন জয় করে নিয়েছেন। যেটা দিয়ে বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিলেন। স্পেশাল মেনশন জিতে গড়েছিলেন ইতিহাস। তাই আদনান আল রাজীবের পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়েও দর্শকদের মনে ছিল বেশ আগ্রহ।

যদিও এতদিন পূর্ণদৈর্ঘ্যের আঙিনায় পা রাখেননি এ নির্মাতা। তবে কিছু দিন আগেই নিজের প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। গুঞ্জন উঠেছিল— আদনানের প্রথম সিনেমার নায়ক হবেন সিয়াম আহমেদ। তবে সেই গুঞ্জন টেকেনি। বুধবার (৪ নভেম্বর) নির্মাতা নিজেই ঘোষণা দিলেন, তার প্রথম সিনেমার নাম ‘অপলক’। আর এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে থাকছেন তারই স্ত্রী মেহজাবীন চৌধুরী এবং তার বিপরীতে জুটি হয়ে কাজ করবেন আফরান নিশো।

পরিচালক আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী সম্পর্কে স্বামী-স্ত্রী। বিনোদন জগতে দুজনের পথচলা অনেক দিনের। এবার নিজের প্রথম সিনেমায় নায়িকা হিসাবে থাকছেন স্ত্রী মেহজাবীন চৌধুরী। যদিও অভিনেত্রীর  সিনেমায় অভিষেক হয়েছে অনেক আগেই।

এদিকে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী ছোটপর্দার অন্যতম সফল জুটি। একসঙ্গে বহু নাটক করেছেন তারা। আবার ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমাতেও একসঙ্গে জুটি হয়ে কাজ করেছেন তারা। এবার আদনানের সিনেমাতেও যুক্ত হলেন এ তারকা জুটি।

সম্প্রতি ‘অপলক’ সিনেমায় চুক্তিস্বাক্ষরের ছবি পোস্ট করে আদনান আল রাজীব বলেন, আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘অপলক’। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

তিনি বলেন, আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই। যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন।

এ নির্মাতা বলেন, ‘আশা করি, যে মায়া নিয়ে ছবিটা বানাতে যাচ্ছি, সেই মায়াটুকু আপনাদের কাছেও পৌঁছাবে।’

এদিকে মেহজাবীন চৌধুরীও সামাজিক মাধ্যমে সেই ছবিগুলো পোস্ট করেছেন। নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী বলেন, আমাদের সিনেমা ‘অপলক’ অবশেষে হচ্ছে। সিনেমাটির জন্য আমি উদগ্রীব হয়ে আছি। আমাদের জন্য দোয়া করবেন।

ঊষার আলো-এসএ