UsharAlo logo
, |

খুলনা রেলওয়ে স্টেশন এলাকায় দখলমুক্ত ফুটপাত, কতদিন থাকবে এই স্বস্তি?

Mohon Chowdhury
নভেম্বর ১৮, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেদক: মোহন চৌধুরী

একসময় ফুটপাত দখলের কারণে সাধারণ মানুষের চলাচল ও সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে দখলমুক্ত দেখা গেছে খুলনা মহানগরীর রেলওয়ে স্টেশন এলাকার কয়েকটি সড়ক ও ফুটপাত। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে জব্বার স্মরণি এবং নতুন রেলওয়ে স্টেশনের ২ নম্বর গেটের বিপরীত পাশের ফুটপাত পরিচ্ছন্ন ও দখলমুক্ত অবস্থায় দেখা যায়। তবে এই অবস্থা কতদিন বজায় থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

গত ৫ নভেম্বর আগে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে সামনে রেখে নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন এবং দখলমুক্ত করা হয়েছিল। তবে অভিযানের পর কিছুদিন যেতে না যেতেই নগরীর বিভিন্ন এলাকায় আবারও ফুটপাত দখলের চিত্র দেখা যায়।

নগরীতে বেকারত্ব ও কর্মসংস্থানের সংকটের কারণে অনেক মানুষ ফুটপাতে ছোট দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করছেন। এসব দোকানের আয়ের ওপর নির্ভরশীল অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবার। অন্যদিকে, ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনা সিটি করপোরেশন বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।

তবে অভিযান শেষে ফুটপাত আবারও দখল হয়ে যাওয়ার প্রবণতা নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বুধবার সকালে রেলওয়ে স্টেশন এলাকার ফুটপাত পরিচ্ছন্ন ও দখলমুক্ত দেখা গেলেও এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে স্থানীয়দের।

স্থানীয়দের দাবি, একদিকে ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হবে, অন্যদিকে বেকারত্ব নিরসন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা নির্বাহের বিকল্প আয়ের ব্যবস্থা গড়ে তুলতে হবে। তাঁদের মতে, শুধু উচ্ছেদ অভিযান নয়, স্থায়ী পরিকল্পনার মাধ্যমে ফুটপাত ব্যবস্থাপনা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি।

ঊআ- মোচৌ