বান্দরবান পার্বত্য জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাই পর্ব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বান্দরবান পুলিশ লাইন্সে শারীরিক সক্ষমতা যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কার্যক্রমে আবেদনকারীদের প্রথমে উচ্চতা পরিমাপ করা হয়। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ লাইন্সের ড্রিলশেডে শারীরিক মাপ গ্রহণ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে কার্যক্রমে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ইন্টেলিজেন্স), রেঞ্জ ডিআইজি অফিস, ঢাকা মো. আসলাম শাহাজাদা। নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) ওবাইন, পিপিএম-সেবা এবং রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক সেকান্দার। এ ছাড়া মেডিকেল অফিসারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনের কার্যক্রম শেষে ব্রিফিংয়ে পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশে বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। কোনো ধরনের সুপারিশ, তদবির বা অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার সুযোগ নেই। সরকারি নির্ধারিত ফি ছাড়া কাউকে কোনো অর্থ না দেওয়ার জন্য তিনি প্রার্থীদের নির্দেশনা দেন।
তিনি দালাল ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
ঊআ-মোচৌ
