খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, মহান বিজয় দিবস জাতীয় জীবনের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে হবে। জাতীয় পতাকার সঠিক মাপ, রং ও পতাকাদণ্ডের নির্ধারিত মাপ সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া গল্লামারী স্মৃতিসৌধের যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের লক্ষ্যে একটি স্থায়ী কমিটি গঠনের নির্দেশনা দেন জেলা প্রশাসক। মহান বিজয় দিবসের অনুষ্ঠানগুলো মর্যাদা, সৌন্দর্য ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সভায় জানানো হয়, ১৬ ডিসেম্বর প্রত্যুষে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। নগরীর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন জাতীয় পতাকা ও রঙিন পতাকায় সজ্জিত করার পাশাপাশি আলোকসজ্জার ব্যবস্থা থাকবে।
দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৮টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে বিভিন্ন বাহিনী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে।
এ ছাড়া সরকারি শিশু সদন, হাসপাতাল, শিশু পরিবার, এতিমখানা, শিশু বিকাশ কেন্দ্র ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বাদ জোহর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
সভায় ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঊআ-মোচৌ
